Showing posts with label প্রশাসন. Show all posts
Showing posts with label প্রশাসন. Show all posts
চকরিয়ায় পাঁচদিনের বৃক্ষমেলা শুরু

চকরিয়ায় পাঁচদিনের বৃক্ষমেলা শুরু

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস): 

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬।

সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে বারোটায় চকরিয়া বিজয় মঞ্চ প্রাঙ্গণে চকরিয়া উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার। এরআগে তিনি আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক শীতল পাল, চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. শফিউল আলম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইফতেখারুল আলম।

এসময় বনবিভাগ ফাঁসিয়াখালী রেঞ্জের ডেপুটি রেঞ্জার খসরুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন ভুট্টো সওদাগরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডুলাহাজারা বিট কর্মকর্তা শাহরিয়ার আমিন।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে সর্বস্তরের জনগণকে অধিক পরিমাণে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রির জন্য ১২টি স্টল বসানো হয়। পাঁচদিনের এ মেলা চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত।

চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা

চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা

শাহজালাল শাহেদ, চকরিয়া: 

চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং উপজেলার সাবেক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের বিদায় সংবর্ধনা উপজেলা পরিষদের সুগন্ধা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর। 

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আকতার। 

অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন জঙ্গলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসাইন। এসময় চকরিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ.এস.এম মনির উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, অভিভাবক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। 

পরে বিদায়ী ও সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে তাঁদের সুস্বাস্থ্য, সুখী ও শান্তিময় অবসর জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

চকরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ শুরু

চকরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ শুরু

চকরিয়া টাইমস: 

"রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।

রোববার (১৬ আগস্ট) সকাল দশটায় চকরিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার। তিনি মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষ চকরিয়ার কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

পরে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুনতাকিম বিল্লাহ, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম ও বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল আলম।

বর্ণাঢ্য অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন চকরিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন। তিনি শুরুতে স্বাগত বক্তব্য রাখেন।

এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান সুইটি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম. আলী হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মৎস্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনজন সফল চাষি, ঘের মালিক ও ব্যবসায়ীর হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

চকরিয়ায় বন্যা দুর্গতদের পাশে উপজেলা প্রশাসন

চকরিয়ায় বন্যা দুর্গতদের পাশে উপজেলা প্রশাসন

চকরিয়া টাইমস: 

সম্প্রতি সৃষ্ট ভয়াবহ বন্যায় নিমজ্জিত চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এভাবে চকরিয়া উপজেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপণের মাধ্যমে উপজেলা প্রশাসন ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২০জুলাই) বিকালে প্রধান অতিথি হিসেবে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বরইতলীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন।

এসময় চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে, বরইতলী ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা জালাল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এদিন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা, ডেইঙ্গাকাটা, রসুলাবাদসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

জনগণের সরকার জনগণের পাশেই আছে: চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জনগণের সরকার জনগণের পাশেই আছে: চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

চকরিয়া টাইমস: 

চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ভাঙন পরিদর্শন ও বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি শুক্রবার (১৭ জুলাই) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে কুমারীছড়া ভাঙন পরিদর্শন, লক্ষ্যারচর, কাকারা, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এছাড়া তিনি উপজেলার বরইতলী ইউনিয়ন, চকরিয়া পৌরসভা ৮নম্বর ওয়ার্ড কোচপাড়ার মাতামুহুরী নদীর ভাঙন এবং বিলীন হওয়া বাড়িঘরসহ বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া-মাতামুহুরী) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা জনগণের সরকার, তাই আমরা মানুষের পাশেই আছি। জনগণের পাশেই আমরা সবসময় থাকব। দুর্যোগ মোকাবিলার সব প্রস্তুতি আমাদের সরকারের রয়েছে। সরকারি, বেসরকারি এবং দলীয়ভাবে সহযোগিতা নিয়ে আমরা বন্যা কবলিত মানুষের জন্য ব্যবস্থা নিয়েছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি বলেন, বাংলাদেশের যে সমস্ত এলাকা ইতোমধ্যে বন্যা কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এরমধ্যে কী ক্ষতি হয়েছে এর ওপর সরকারিভাবে জরিপ চলমান রয়েছে। রাস্তা-ঘাট, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, গবাদি পশু, কৃষকের ফসলসহ সবকিছুর জরিপ করা হচ্ছে। সেই জরিপের ফলাফলের মাধ্যমে সব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারি ও বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে বন্যা কবলিত এলাকার যেসব স্থানে রান্না করা খাবার দেওয়ার দরকার ছিল সেখানে আমরা তা দেওয়ার চেষ্টা করেছি। এরপর শুকনো খাবারসহ অন্যান্য সুবিধা সরকারি, বেসরকারি এবং দলীয়ভাবে দেওয়ার চেষ্টা করেছি।

সকাল থেকেই তিনি সড়ক পথে চকরিয়া উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বানভাসি মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী, শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ করেন।

এসময় কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়েজী, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ শফিউল্লাহ, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২ দিনের সফরে শুক্রবার সকালে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেন। দিনভর তিনি চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং পানিবন্দিদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি শনিবার (১৮ জুলাই) পেকুয়া ও মহেশখালী উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

চকরিয়ায় জুলাই শহীদ দিবসের আলোচনা সভা

চকরিয়ায় জুলাই শহীদ দিবসের আলোচনা সভা

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার। 

দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জায়নুল আবেদীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল করিম ও উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী।

এছাড়া উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন, জুলাই আন্দোলন চকরিয়ার সম্মুখ যোদ্ধা শামসুল আলম ও মোবারক হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য ও উন্নয়নে শহীদদের আদর্শ ধারণ করে কাজ করার আহবান জানান।

চকরিয়ায় মৎস্য প্রজেক্ট পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু

চকরিয়ায় মৎস্য প্রজেক্ট পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু

চকরিয়া টাইমস:

চকরিয়ায় সাদা সোনা খ্যাত চিংড়িসহ মৎস্য প্রজেক্ট পরিদর্শনে আসেন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (২৫ জুন) তিনি প্রজেক্ট পরিদর্শনে আসলে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার। এ সময় চিংড়ি খাতের উন্নয়ন, সম্ভাবনা ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এদিকে মৎস্য প্রতিমন্ত্রীর আজকের পরিদর্শন সংশ্লিষ্টদের মনে স্থানীয় মৎস্য খাতের উন্নয়নে ব্যাপক আশা জাগিয়েছে। তারা মনে করেন, সরকারের এধরনের উদ্যোগের ধারাবাহিকতা রক্ষা করা গেলে; এতদাঞ্চলের ব্যাপক চাহিদা সম্পন্ন বাণিজ্যিক এ খাত আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবে।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান রিজিয়নের শ্রেষ্ঠ ওসি মনোনীত

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান রিজিয়নের শ্রেষ্ঠ ওসি মনোনীত

চকরিয়া টাইমস: 

কুমিল্লা হাইওয়ে রিজিয়নের শ্রেষ্ঠ ওসি মনোনীত হয়েছেন চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান| কুমিল্লা হাইওয়ে রিজিয়নের আয়োজনে সোমবার (১৫ জুন) মাসিক বিশেষ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা-২০২৬ কুমিল্লা ফান টাউন মিলনায়তনে অনুষ্ঠিত হয়| এ সভায় হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন| 

সভায় অফিসার ও ফোর্সদের কল্যাণসংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়| উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত সদস্যদের বক্তব্য শোনেন এবং পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন| পাশাপাশি সকলকে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান| 

অনুষ্ঠান শেষে মে-২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে কুমিল্লা হাইওয়ে রিজিয়নের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হন কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানা ওসি মো. মাহবুবুর রহমান (আইজি ব্যাজপ্রাপ্ত)| 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী বিপিএম (সেবা)| এতে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শাহিনুর আলম খান| 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন| 

শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার লাভ করায় মালুমঘাট হাইওয়ে থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে| সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে বলেন, এ স্বীকৃতি ভবিষ্যতে আরও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা যোগাবে| 

চকরিয়ায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি সেমিনার

চকরিয়ায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি সেমিনার

চকরিয়া টাইমস: 

চকরিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে “প্রতিবন্ধী শিশুদের মূলস্রোত ধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে| 

মঙ্গলবার (১৬জুন) চকরিয়া উপজেলা পরিষদের সাঙ্গু সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ| 

মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার| 

আলোচক হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জায়নুল আবেদীন ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল| 

পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ˆতয়ব আলী| এসময় সেমিনার সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|  


চকরিয়ায় সিপ ও আনন্দের প্রজেক্ট এক্সিট স্ট্র্যাটেজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চকরিয়ায় সিপ ও আনন্দের প্রজেক্ট এক্সিট স্ট্র্যাটেজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চকরিয়া টাইমস: 

চকরিয়ায় জলবায়ু সহনশীল জীবিকা, দুর্যোগ ঝুঁকি হ্রাস (ডিআরআর) এবং জলবায়ু অভিযোজিত কৃষি কার্যক্রমের অগ্রগতি ও অর্জন নিয়ে “প্রজেক্ট এক্সিট স্ট্র্যাটেজি” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালাটি ইনহানসিং ফুড এবং নিউট্রিশন সিকিউরিটি থ্রু প্রমোটিং ক্লাইমেট রিসাইলেন্ট লাইভলিহুড অপরচুনিটিস এন্ড ডিআরআর প্র্যাক্টিস ইন সিএক্সবি এন্ড চট্টগ্রাম প্রজেক্ট প্রকল্পের আওতায় সিপ ও আনন্দ যৌথভাবে আয়োজন করে। কর্মশালায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, মাঠপর্যায়ের ফলাফল এবং দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নের কৌশল তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন দেলোয়ার। তিনি বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে গ্রামীণ জনগোষ্ঠীর ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের প্রকল্প স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ প্রস্তুতি ও জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিপ ও আনন্দ’র এই উদ্যোগ প্রশংসনীয়।” পরবর্তী নতুন উপজেলা মাতামুহুরীতে নতুন প্রকল্প শুরু করার তাগিদ দেন।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফ উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ ফেরদৌসী ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মমতাজুল হক।

এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মশালায় সেশন পরিচালনা করেন আনন্দ’র এগ্রিকালচার অ্যান্ড লাইভলিহুড অফিসার সুমন পল, সিপ’র ডিআরআর অফিসার মো. মোজিবুর রহমান এবং আনন্দ’র ট্রেনিং অফিসার ক্লাসিডা ক্লারা রোজারিও।

সিপ’র মিল অফিসার মো. সাইফুল ইসলাম উদ্বোধনী বক্তব্য মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন এবং অর্জন ও কমিউনিটি রেজিলিয়েন্সের প্রভাব তুলে ধরে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করেন।

বক্তারা সিপ ও আনন্দ’র এ কার্যক্রমের প্রশংসা করে বলেন, জলবায়ু অভিযোজিত কৃষি, দুর্যোগ ঝুঁকি হ্রাস (ডিআরআর) কার্যক্রম এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও উল্লেখ করেন, প্রকল্পের অর্জিত ফলাফল দীর্ঘমেয়াদে টেকসইভাবে ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাতামুহুরী উপজেলার ভবন নির্মাণে ডিসি-এসপির জায়গা পরিদর্শন

মাতামুহুরী উপজেলার ভবন নির্মাণে ডিসি-এসপির জায়গা পরিদর্শন

চকরিয়া টাইমস:

কক্সবাজারের নবগঠিত উপজেলা মাতামুহুরি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনসহ প্রশাসনিক অবকাঠামো নির্মাণের জায়গা পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। আজ মঙ্গলবার (২জুন) জেলা প্রশাসকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরিদর্শনে আসেন।

প্রতিনিধিদলে ছিলেন কক্সবাজার পুলিশ সুপার এনএএন সাজ্জাদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া সার্কেল) অভিজিৎ রায়, চকরিয়া ও মাতামুহুরি উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন দেলোয়ার।

এসময় চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম, অর্থ সম্পাদক নজরুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সন্ত্রাসীদের অভয়ারণ্য সমূলে নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সন্ত্রাসীদের অভয়ারণ্য সমূলে নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

চকরিয়া টাইমস:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কার্যকরভাবে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনপ্রত্যাশা অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে। রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস যে সমস্ত সন্ত্রাসী দেখিয়েছে, তাদের যথাযথভাবে দমন করা হবে।
মন্ত্রী আজ চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সলিমপুর, জঙ্গল সলিমপুর ও আলীনগরসহ পার্শ্ববর্তী সমগ্র এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা এবং শান্তি প্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য। সেজন্য এই অঞ্চলের সড়ক যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
মন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় পরিকল্পিত সরকারি স্থাপনা ও একাডেমি নির্মাণের লক্ষ্যে আজ সব বিভাগীয় প্রধানদের সাথে ম্যাপ পর্যালোচনা করে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে চট্টগ্রামের বর্তমান কারাগারটি বায়েজিদ লিঙ্ক রোডের পাশের ওই এলাকায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাগণ শিগগিরই স্থানটি সরেজমিনে পরিদর্শন করবেন। তিনি আরো বলেন, কারা অধিদপ্তর প্রথমে কারাগারের নির্ধারিত স্থানটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে পরবর্তী উন্নয়ন কার্যক্রম শুরু করবে, যা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি। অন্যান্য সরকারি দপ্তরের জন্য কোন স্থানে কী স্থাপনা করা হবে, তাও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও যৌথ অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে কেবল প্রচলিত ধারার পুলিশিং নয়, বরং র‍্যাব, বিজিবি, সেনাবাহিনীসহ রাষ্ট্রের সকল বাহিনী হেলিকপ্টার সাপোর্টের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, রাষ্ট্রের কল্যাণে ও জননিরাপত্তা বিধানে সকল বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে। জঙ্গল সলিমপুরের মতো রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ও বোয়ালখালীসহ সব অঞ্চলের সন্ত্রাসীদের তালিকা ও আস্তানা চিহ্নিত করে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে নির্মূল করা হবে। তিনি আরো বলেন, রাষ্ট্রীয় বাহিনীর ওপর হামলাকারী ও আইনশৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং তাদের সর্বশেষ আস্তানাও গুঁড়িয়ে দেওয়া হবে।
মন্ত্রী এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন, দেশের কল্যাণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
উচ্চপর্যায়ের এই বিশেষ আইনশৃঙ্খলা সভায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রামের সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলার সংসদ সদস্যবৃন্দ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মোঃ আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহার হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ মনিরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চকরিয়ার চিরিংগা ইউনিয়ন পরিষদে বিদায় ও বরণ

চকরিয়ার চিরিংগা ইউনিয়ন পরিষদে বিদায় ও বরণ

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলার ১০নং চিরিংগা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে বিদায়, বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান। সদ্য বদলিকৃত ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আতাউল গণি পারভেজের বিদায়, নব যোগদানকৃত ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা নুরুদ্দীন সোহেলের বরণ হেলাল উদ্দিন দফাদারকে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন কক্সবাজার জেলা শাখার সভাপতি এবং গ্রাম পুলিশ মোঃ মনজুর আলমকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়।

রোববার (১০মে) রবিবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিরিংগা ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইশরাত জাহান সুইটি।

এতে বিশেষ অতিথি ছিলেন চিরিংগা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী আহমদ ও সদস্য সচিব শরীফুল আলম।

এছাড়া বক্তব্য রাখেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য এম লিয়াকত আলী, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইসমাইল এবং সংরক্ষিত তিনজন মহিলা ইউপি সদস্যসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চকরিয়া টাইমস:

চকরিয়ায় ফিলিং স্টেশন ও খুচরা দোকান পরিদর্শনসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (১৯মার্চ) বিকালে অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব।
এসময় চকরিয়া পৌরসভা এলাকায় খুচরা জ্বালানী তেল বিক্রয়,অতিরিক্ত মূল্য এবং ওজনের কারপচুপির অপরাধে দুইটি দোকানকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
চকরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

চকরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

চকরিয়া টাইমস: 

চকরিয়ায় নানান কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আটটায় চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। 

এরপর জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং আকাশে শান্তির পায়রা কবুতর ও বর্ণিল বেলুন উড়ানো হয়। 

বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন দেলোয়ার। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ও চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন। 

অতিথিদের উপস্থিতিতে কুচকাওয়াজ ও মনমুগ্ধকর ডিসপ্লেতে অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার বাহিনী এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 


পরে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মাঝে বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার ও শুভেচ্ছা উপহার বিতরণ করেন অতিথিবৃন্দ। 


কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন চকরিয়া থানার এ.এস.আই সোহরাব মোস্তফা। 

এসময় চকরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধি এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চকরিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবসের র‌্যালি ও আলোচনা সভা

চকরিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবসের র‌্যালি ও আলোচনা সভা

চকরিয়া টাইমস: 

“দুর্যোগ প্রস্তুতি লড়ব, তারুণ্যে বাংলাদেশ গড়ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে চকরিয়ায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬। 

দিবসটির কর্মসূচির মধ্যে ছিল- বর্ণাঢ্য র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা।


মঙ্গলবার (১০মার্চ) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ সংশ্লিষ্ট জনসচেতনতামূলক বিভিন্ন মহড়া প্রদর্শিত হয়। মহড়া শেষে চকরিয়া উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন দেলোয়ারের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জায়নুল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলী, ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। 


ব্রেকিং দ্যা সাইলেন্স সোচ্চারের সহযোগিতায় চকরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

ব্রেকিং দ্যা সাইলেন্স সোচ্চারের সহযোগিতায় চকরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

চকরিয়া টাইমস: 

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এ প্রদিপাদ্যকে সামনে রেখে চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ব্রেকিং দ্য সাইলেন্স’র “সোচ্চার” এর সহযোগিতায় চকরিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬। 

রোববার (৮মার্চ) সকাল ১১টায় ব্রেকিং দ্য সাইলেন্স’র “সোচ্চার” এবং  ব্লু-ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের আওতায় প্রায় ৪০জন নারী, যুব ও সিবিও সদস্যরা র‌্যালি ও আলোচনা সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরিফ। 

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আরিফ উদ্দিন, চকরিয়া থানা পুলিশের প্রতিনিধি, ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প কর্মকর্তা মিফতা বিনতে ইউসুফ, আনন্দ এনজিও সংস্থার প্রতিনিধি ট্রেনিং অফিসার ক্লাসিডা রোজারিওসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এসময় অন্যান্য এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতিথিরা আন্তর্জাতিক নারী দিবসের নানাবিধ গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। 

এদিকে আলোচনা সভার পূর্বে ব্রেকিং দ্য সাইলেন্সের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক নারী দিবসের এক বর্ণাঢ্য র‌্যালি চকরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ২শতাধিক নারী প্রতিনিধি নারীদের অধিকার সম্বলিত পোস্টার ও প্লেকার্ড নিয়ে এতে অংশগ্রহণ করেন। র‌্যালিটি পরে উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

চকরিয়ায় যাকাত উপযোগি ৩৬ জন উপকারভোগির মাঝে চেক বিতরণ

চকরিয়ায় যাকাত উপযোগি ৩৬ জন উপকারভোগির মাঝে চেক বিতরণ

চকরিয়া টাইমস: 

ইসলামিক ফাউন্ডেশন চকরিয়ার আয়োজনে “সরকারী যাকাত ফান্ডে যাকাতের অর্থ প্রদানে যাকাত দাতাদের উদ্বুদ্ধকরণ ও দারিদ্র বিমোচনে যাকাতের গুরুত্ব” শীর্ষক এক আলোচনা সভা বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

ইসলামিক ফাউন্ডেশন চকরিয়া উপজেলা সুপারভাইজার মাওলানা মুহাম্মদ আমীর হোছাইনের সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহীন দেলোয়ার।


এতে অংশগ্রহণ করে আলোচনা পেশ করেন চকরিয়া আনোয়ারুল উলুম কামিল মাস্টার্স মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রুহুল কুদ্দুস আনোয়ারী আল আযহারী, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন হেলালী ও মাওলানা মুহাম্মদ জামাল হোছাইন নূরী প্রমূখ। 

এসময় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ ফরিদ উদ্দিন, বিআরডিবি’র চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাফেজ (মেম্বার), চকরিয়া মহিলা আবাসিক কলেজের অধ্যাপক মুহাম্মদ শওকত উসমানসহ আলেম উলামাগণ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি যাকাত উপযোগি ৩৬জন উপকারভোগির হাতে যাকাতের চেক তুলে দেন।


চকরিয়ায় কর্মরত তিন সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক হামলা : প্রতিবাদে মানববন্ধন

চকরিয়ায় কর্মরত তিন সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক হামলা : প্রতিবাদে মানববন্ধন

চকরিয়া টাইমস:

চকরিয়ায় পরিবেশ বিধ্বংসী বালুদস্যু কর্তৃক উপজেলায় কর্মরত তিন সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চিরিংগা নিউ মার্কেট এলাকায় মানববন্ধন কর্মসূচিতে চকরিয়া ও পেকুয়া উপজেলার কর্মরত শতাধিক সাংবাদিকরা সহমর্মিতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।
প্রবীণ সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সেক্রেটারি এম. সাফওয়ানুল করিম, সিনিয়র সাংবাদিক এম. ওমর আলী, এম. আলী হোসেন, আবদুল মজিদ, সাইফুল ইসলাম খোকন, মিজবাউল হক, এস.এম হানিফ, একেএম বেলাল উদ্দিন, জামাল হোসাইন, শাহজালাল শাহেদ, মোহাম্মদ ফারুক, এম. নুরুদ্দোজা জনি, আলাউদ্দিন আলো ও মনিরুল আমিন।
এসময় চকরিয়ার কর্মরত সাংবাদিকদের মধ্যে মো. রফিক আহমদ, আবুল কালাম আজাদ, মনির আহমদ, বিএম হাবিব উল্লাহ, জহিরুল আলম সাগর, পেকুয়ার কর্মরত এম. দিদারুল করিম, নাজেম উদ্দিনসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে সংশ্লিষ্ট প্রশাসনকে ২৪ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, অনতিবিলম্বে সাংবাদিকের ওপর হামলাকারী বালুদস্যু নাজিম উদ্দিনের নেতৃত্বে জড়িত অপরাপর সন্ত্রাসীদের গ্রেফতার পরবর্তী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য বিনষ্টকারী অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান তারা। অন্যথায় আগামীতে সাংবাদিক সমাজ ন্যায় সঙ্গত আন্দোলনের মাধ্যমে সকল অন্যায়, অবিচার ও জুলুম-নির্যাতনের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে।
উল্লেখ্য, গত রোববার বিকাল চারটার দিকে চকরিয়া উপজেলার হারবাং ভান্ডারিরডেপা এলাকায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহে সরেজমিন চিত্র ধারণ করতে গিয়ে বালুদস্যু নাজিম উদ্দিনের নেতৃত্বে ১০-১২জনের সংঘবদ্ধ সন্ত্রাসী কর্তৃক হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন দৈনিক সংবাদের প্রতিনিধি এম. জিয়াবুল হক, দৈনিক আমার দেশের প্রতিনিধি ইকবাল ফারুক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি ছোটন কান্তি নাথ। সেখানে তারা রাত ৮টা পর্যন্ত বালুদস্যুদের হাতে জিম্মি ছিলেন। পরে ঘটনার খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিন সাংবাদিককে উদ্ধার করে পাশ্ববর্তী ক্লিনিকে ভর্তি করান। প্রাথমিক চিকিৎসা থেকে সোমবার ভোর চারটার দিকে বাড়িতে ফিরেন আহত তিন সাংবাদিক। ওইদিন সন্ধ্যায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফের চিকিৎসকের শরণাপন্ন হন তারা। তন্মধ্যে সাংবাদিক জিয়াবুল হক ও ইকবাল ফারুকের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
চকরিয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

চকরিয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

চকরিয়া টাইমস:

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারী) একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবা কার্যালয়ের উপকারভোগীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সমাজসেবা কার্যালয়ের মনোনীত উপকারভোগিদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।