চকরিয়া টাইমস:
"দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা" এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬।
বৃহস্পতিবার (১ অক্টোবর) চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং প্রবীণ হিতৈষী সংঘ ও প্রবীণ কল্যাণ সমিতি চকরিয়া উপজেলার সহযোগিতায় সকাল দশটায় এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার।
তিনি প্রধান অতিথির বক্তব্যে- পিতার বয়সী প্রবীণ মুরুব্বিদের জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে পরিবেশ সম্মত একটি নির্দিষ্ট সময়ে এসে খোশগল্প করার মতো নান্দনিক ক্লাবঘর কিংবা কার্যালয় করে দেয়ার আশ্বাস দেন।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন চকরিয়া বায়তুশ শরফ জামে মসজিদ কমপ্লেক্সের পেশ ইমাম হাফেজ মুহাম্মদ শাহাদাত বিন নজির।
আলোচনা সভায় প্রবীণদের পক্ষে বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘ ও প্রবীণ কল্যাণ সমিতি চকরিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সমাজসেবা অফিসার মাস্টার হুমায়ূন কবির।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশন চকরিয়া উপজেলা সুপারভাইজার মোহাম্মদ আমির হোসেন।
এসময় প্রবীণ হিতৈষী সংঘ ও প্রবীণ কল্যাণ সমিতি চকরিয়া উপজেলা কমিটির সহযোগি সদস্য আলহাজ্ব এসজিএম আফজাল হোসেন (কাউসার)সহ উপজেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রবীণ হিতৈষী সংঘ ও প্রবীণ কল্যাণ সমিতি চকরিয়া উপজেলার পক্ষ থেকে সদ্য প্রয়াত উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের অন্যতম সদস্য হাজী রুকন উদ্দিনকে স্মরণ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।
