চকরিয়া টাইমস:
"রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।
রোববার (১৬ আগস্ট) সকাল দশটায় চকরিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার। তিনি মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষ চকরিয়ার কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
পরে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুনতাকিম বিল্লাহ, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম ও বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল আলম।
বর্ণাঢ্য অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন চকরিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন। তিনি শুরুতে স্বাগত বক্তব্য রাখেন।
এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান সুইটি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম. আলী হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মৎস্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনজন সফল চাষি, ঘের মালিক ও ব্যবসায়ীর হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

0 comments: