সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াত বদ্ধপরিকর: জেলা আমীর নুর আহমদ

সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াত বদ্ধপরিকর: জেলা আমীর নুর আহমদ

চকরিয়া টাইমস:

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, সম্ভাবনাময় বাংলাদেশ আজ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও নারী- শিশু নির্যাতনে জর্জরিত। সম্পদের সুষম বণ্টন না হওয়ায় সুবিধা বঞ্চিত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় রাজনৈতিক ময়দানে অবিশ্বাস ও অস্থিরতা বিরাজ করছে। দুর্নীতির কারণে দেশের সম্পদ লুটেরাদের হাতে পড়ে বিদেশে পাচার করা হয়েছে। এহেন অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজন সমাজের সকল ক্ষেত্রে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। আমরা সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। তিনি প্রত্যেক কর্মীকে সততা, দক্ষতা ও জনমানুষের চাহিদার আলোকে জনগণের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।
শুক্রবার (১৯ জুন) জামায়াতে ইসলামী কক্সবাজার সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম ও জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী।
সদর সেক্রেটারি আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে আরো বক্তব্য রাখেন ইসলামী আলোচক মাওলানা আবু সায়েম ফোরকান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাও মুস্তাক আহমদ, তারবিয়্যাত সেক্রেটারি মাস্টার আবুল কালাম আজাদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মোস্তাক আহমদ, মাও, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ শাহজান, খুরুশকুল ইউনিয়ন সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, চৌফলদন্ডী ইউনিয়ন আমীর মাওলানা রায়হান উদ্দিন, আবুল কালাম প্রমুখ।
চকরিয়ায় শ্রমিক জামায়াতের শিক্ষাবৈঠক সম্পন্ন

চকরিয়ায় শ্রমিক জামায়াতের শিক্ষাবৈঠক সম্পন্ন

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলা শ্রমিক জামায়াতের উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে শুক্রবার (১৯ জুন) দিনব্যাপি শিক্ষাবৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মুহাম্মদ হেদায়ত উল্লাহ।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শ্রমিক জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মহসিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম।
উপজেলা শ্রমিক জামায়াতের সভাপতি শরিফুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি রুহুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাবৈঠকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অর্ধশতাধিক বাছাইকৃত কর্মীরা অংশগ্রহণ করেন।
শিক্ষাবৈঠকে বক্তারা- সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম, শ্রমিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
মাতামুহুরী উপজেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

মাতামুহুরী উপজেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়া টাইমস:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেছেন, রাষ্ট্রের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপরাধীরা প্রকাশ্যে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) মাতামুহুরী উপজেলা জামায়াতের এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি আরো বলেন, দেশে দলীয় প্রভাব প্রতিপত্তিকে পুঁজি করে অনেকে যত্রতত্র খুন, রাহাজানি, চুরি-ডাকাতি, ধর্ষণ, দখলদারিত্ব ও লুটপাটের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। সম্প্রতি মাতামুহুরীতে ডাকাতি করতে গিয়ে মা-মেয়ের উপর অমানুষিক নির্যাতন কখনো মেনে নেওয়া যায় না। সমাজে আজ নারী, শিশু সবচেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা তো এমন দেশ চায়নি।
জেলার অন্যান্য এলাকায় এসব অপরাধের প্রভাব আরও প্রকট আকার ধারণ করেছে। তিনি জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
সমাবেশে সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। এতে মাসিক কর্মপরিধি মূল্যায়ন, জনশক্তিকে জনসম্পদে রূপান্তর, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং সামাজিক ও গণমুখী সংগঠন হিসেবে জনগণের মাঝে কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উপজেলা সেক্রেটারি হোসনে মোবারকের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

চকরিয়ায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি সেমিনার

চকরিয়ায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি সেমিনার

চকরিয়া টাইমস: 

চকরিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে “প্রতিবন্ধী শিশুদের মূলস্রোত ধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে| 

মঙ্গলবার (১৬জুন) চকরিয়া উপজেলা পরিষদের সাঙ্গু সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ| 

মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার| 

আলোচক হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জায়নুল আবেদীন ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল| 

পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ˆতয়ব আলী| এসময় সেমিনার সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|  


চকরিয়ায় সিপ ও আনন্দের প্রজেক্ট এক্সিট স্ট্র্যাটেজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চকরিয়ায় সিপ ও আনন্দের প্রজেক্ট এক্সিট স্ট্র্যাটেজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চকরিয়া টাইমস: 

চকরিয়ায় জলবায়ু সহনশীল জীবিকা, দুর্যোগ ঝুঁকি হ্রাস (ডিআরআর) এবং জলবায়ু অভিযোজিত কৃষি কার্যক্রমের অগ্রগতি ও অর্জন নিয়ে “প্রজেক্ট এক্সিট স্ট্র্যাটেজি” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালাটি ইনহানসিং ফুড এবং নিউট্রিশন সিকিউরিটি থ্রু প্রমোটিং ক্লাইমেট রিসাইলেন্ট লাইভলিহুড অপরচুনিটিস এন্ড ডিআরআর প্র্যাক্টিস ইন সিএক্সবি এন্ড চট্টগ্রাম প্রজেক্ট প্রকল্পের আওতায় সিপ ও আনন্দ যৌথভাবে আয়োজন করে। কর্মশালায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, মাঠপর্যায়ের ফলাফল এবং দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নের কৌশল তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন দেলোয়ার। তিনি বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে গ্রামীণ জনগোষ্ঠীর ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের প্রকল্প স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ প্রস্তুতি ও জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিপ ও আনন্দ’র এই উদ্যোগ প্রশংসনীয়।” পরবর্তী নতুন উপজেলা মাতামুহুরীতে নতুন প্রকল্প শুরু করার তাগিদ দেন।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফ উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ ফেরদৌসী ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মমতাজুল হক।

এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মশালায় সেশন পরিচালনা করেন আনন্দ’র এগ্রিকালচার অ্যান্ড লাইভলিহুড অফিসার সুমন পল, সিপ’র ডিআরআর অফিসার মো. মোজিবুর রহমান এবং আনন্দ’র ট্রেনিং অফিসার ক্লাসিডা ক্লারা রোজারিও।

সিপ’র মিল অফিসার মো. সাইফুল ইসলাম উদ্বোধনী বক্তব্য মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন এবং অর্জন ও কমিউনিটি রেজিলিয়েন্সের প্রভাব তুলে ধরে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করেন।

বক্তারা সিপ ও আনন্দ’র এ কার্যক্রমের প্রশংসা করে বলেন, জলবায়ু অভিযোজিত কৃষি, দুর্যোগ ঝুঁকি হ্রাস (ডিআরআর) কার্যক্রম এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও উল্লেখ করেন, প্রকল্পের অর্জিত ফলাফল দীর্ঘমেয়াদে টেকসইভাবে ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চালক-শিশুর প্রাণহানি

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চালক-শিশুর প্রাণহানি

চকরিয়া টাইমস: 

চকরিয়ার খুটাখালীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে বাস চালক ও শিশু যাত্রী। এতে অন্তত ২২জন যাত্রী কমবেশি আহত হয়েছে।

সোমবার (৮ জুন) বিকাল ৩টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী কচ্ছপিয়ার ঢালা এলাকায় নিয়ন্ত্রণহীন যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কের উভয় পাশ থেকে সজোরে চালিয়ে আসা এভারগ্রিন পরিবহন ও শরীফ এন্টারপ্রাইজ নামের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ইয়াহিয়া নামে ৮ মাস বয়সী শিশু যাত্রী ও মোহাম্মদ আলী (২৫) নামে বাসচালক প্রাণ হারায়। এসময় কমবেশি অন্তত ২২জন যাত্রী আহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ চালায়। ঘটনায় আহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতাল, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছে। আহত হয়েছে ২২জনের মতো যাত্রী সাধারণ। তন্মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার   করে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

শিবির নেতা আমিমুল ইহসানের নামাযে জানাযা সম্পন্ন

শিবির নেতা আমিমুল ইহসানের নামাযে জানাযা সম্পন্ন

চকরিয়া টাইমস

চকরিয়ার বদরখালীর কৃতি সন্তান ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর পাঁচলাইশ থানা শাখার সভাপতি মো. আমিমুল ইহসান ফাহিমের নামাযে জানাযা সম্পন্ন হয়েছে| 

বুধবার (৩জুন) সকাল ১০টায় বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাযে জানাযায় অংশগ্রহণ করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মোমিনুল হক, কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মুহাম্মদ হেদায়েত উল্লাহ, মহানগরী জামায়াতের অফিস সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আবুহেনা মোস্তফা কামাল ও কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মুহাম্মদ আবু তালহা|

এসময় মাতামুহুরী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন| পরে মসজিদ সংসলগ্ন কবরস্থানে শিবির নেতা আমিমুল ইসলাম ফাহিমের লাশ চিরনিদ্রায় শায়িত হয়| 

উল্লেখ্য, চট্টগ্রাম মহানগরী পাঁচলাইশ থানা ছাত্রশিবিরের সভাপতি মো. আমিমুল ইহসান ফাহিম (২৬) মঙ্গলবার (২জুন) সন্ধ্যায় হিট স্ট্রোক জনিত কারণে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন| সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিসকরা তাকে মৃত ঘোষণা করেন|

কক্সবাজারে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

কক্সবাজারে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

চকরিয়া টাইমস:

সারাদেশের ন্যায় সচেতন গ্রাহক সমাজ কক্সবাজারের ব্যানারে কক্সবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা।
মঙ্গলবার (২ জুন) সকালে কক্সবাজার শহরের প্রধান সড়ক সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন নিয়ে শতশত ব্যাংকের গ্রাহক অংশ করেন।
মানববন্ধনের সমা‌বে‌শে বক্তব্য রাখেন ব্যাবসায়ী জসিম উদ্দিন, এম. মোজাম্মেল হক, ইন্জিনিয়ার মোতাহের হোসাইন, মুহাম্মাদ নুরুল আমিন, মাওলানা মোজাহের, মাওলানা হাফেজ ফরিদুল হক, মাওলানা আবুল কাসেম, মনসুর আলমসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করে বলেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন হস্তক্ষেপে দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তের কারণে ইসলামী ব্যাংকের স্বকীয়তা ও কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে শুধু ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমই ব্যাহত হচ্ছে না, দেশের অর্থনীতি ও লাখো গ্রাহকের আমানতের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
বক্তারা আরো বলেন, পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে তারা নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাবেক এমডিকে পুনর্বহালের দাবি জানান। পাশাপাশি ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা অক্ষুণ্ন রাখা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।
মাতামুহুরী উপজেলার ভবন নির্মাণে ডিসি-এসপির জায়গা পরিদর্শন

মাতামুহুরী উপজেলার ভবন নির্মাণে ডিসি-এসপির জায়গা পরিদর্শন

চকরিয়া টাইমস:

কক্সবাজারের নবগঠিত উপজেলা মাতামুহুরি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনসহ প্রশাসনিক অবকাঠামো নির্মাণের জায়গা পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। আজ মঙ্গলবার (২জুন) জেলা প্রশাসকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরিদর্শনে আসেন।

প্রতিনিধিদলে ছিলেন কক্সবাজার পুলিশ সুপার এনএএন সাজ্জাদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া সার্কেল) অভিজিৎ রায়, চকরিয়া ও মাতামুহুরি উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন দেলোয়ার।

এসময় চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম, অর্থ সম্পাদক নজরুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী

চকরিয়া টাইমস:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করা, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধনে সরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে। তিনি বলেন, অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, দেশের প্রচলিত আইনানুযায়ী তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
মন্ত্রী আজ মঙ্গলবার (২জুন) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।
মন্ত্রী জানান, দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী রামিসা হত্যা মামলার বিচার কাজ অত্যন্ত দ্রুততার সাথে চলমান রয়েছে। আজ আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। হালনাগাদ তথ্য অনুযায়ী, ১২ জন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ পোস্টমর্টেম ও ফরেনসিক রিপোর্টের ওপর গুরুত্বপূর্ণ সাক্ষ্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিচারাধীন বিষয়ে সরাসরি মন্তব্য করা সমীচীন নয় উল্লেখ করে তিনি বলেন, "তদন্তকারী কর্মকর্তা ও সাক্ষীদের যথাসময়ে আদালতে উপস্থাপন নিশ্চিত করাসহ প্রসিকিউশন পক্ষ থেকে যাবতীয় আইনি সহায়তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রদান করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেন বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়, সরকার সেই ব্যবস্থা করছে। সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে দোষী বা নির্দোষ সাব্যস্ত করার আইনি প্রক্রিয়া, যুক্তিতর্ক এবং রায়ের দিন ধার্য করার বিষয়টি সম্পূর্ণরূপে আদালতের এখতিয়ার।"
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক সফলতার দৃষ্টান্ত টেনে মন্ত্রী জানান, মুন্সিগঞ্জের গজারিয়ায় এক কিশোরীকে গণধর্ষণ ও হত্যা করে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে পদক্ষেপ নিয়েছে। আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে ইতিমধ্যে ৪ জন প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। অপরাধ দমনে এটি আইনশৃঙ্খলা বাহিনীর একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ টিম ইতিমধ্যে সরজমিনে তদন্ত করেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে এয়ারকন্ডিশন বন্ধ থাকা এবং সাফোকেশন বা অন্য কোনো কারিগরি ত্রুটির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে এবং পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।
শিশু মৃত্যুর পর ময়নাতদন্ত না করার বিষয়ে মন্ত্রী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ময়নাতদন্ত ছাড়া মামলা হলে বিচার কার্যের এক পর্যায়ে আসামি পক্ষ এর আইনি সুবিধা (বেনিফিট) পেয়ে যাওয়ার আশঙ্কা থাকে। প্রয়োজনে আইনি প্রক্রিয়া ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে লাশ উত্তোলন করেও ময়নাতদন্ত সম্পন্ন করা সম্ভব।
একই হাসপাতালে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে "ন্যক্কারজনক" আখ্যায়িত করে তীব্র নিন্দা জানান মন্ত্রী। তিনি বলেন, সাংবাদিকদের পক্ষ থেকে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হলে পুলিশ দোষীদের হাতেনাতে গ্রেপ্তার ও কঠোর তদন্ত নিশ্চিত করবে।
পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনকালে দেশজুড়ে নিরাপদ পরিবেশ এবং যানজট নিরসনে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় ঢাকা মেট্রোপলিটন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে প্রথমবারের মতো অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) ও স্বয়ংক্রিয় ক্যামেরা প্রযুক্তি ট্রায়াল বেসিসে সফলভাবে প্রয়োগ করা হচ্ছে। এর ফলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে আইনি ব্যবস্থা ও মামলা রুজু হচ্ছে। তিনি বলেন, গভীর রাতেও চালকেরা ট্রাফিক সিগন্যাল মেনে চলছেন, যা সুশাসনের প্রতীক। পুলিশ, ট্রাফিক বিভাগ এবং বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে নিজস্ব প্রযুক্তিতে এই ট্রাফিক অটোমেশনকে আরও পূর্ণাঙ্গ রূপ দেওয়া হচ্ছে। আগামী ১-২ মাসের মধ্যে ঢাকা সিটিতে এর বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হবে। ঢাকা সিটিতে সফলতার পর এই 'এআই ট্রাফিক সিস্টেম' দেশের অন্যান্য বড় বড় মেগাসিটি ও মেট্রো এলাকায় সম্প্রসারণ করা হবে।
রাজধানীতে যত্রতত্র ব্যাটারিচালিত রিকশা ও টমটমের চলাচল ট্রাফিক ব্যবস্থাপনার সাথে সাংঘর্ষিক উল্লেখ করে মন্ত্রী বলেন, মানবিক ও কর্মসংস্থানের দিক বিবেচনা করে রাতারাতি তাদেরকে বেকার না বানিয়ে মেট্রো এলাকার বাইরে কীভাবে তাদের পুনর্বাসন বা বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে।
আসন্ন বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের নিয়মিত বার্ষিক বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি একটি নিয়মিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। এই ডায়ালগে মাদক পাচার রোধ ও সীমান্ত নিরাপত্তা সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় উত্থাপিত হবে। সীমান্ত হত্যা প্রসঙ্গে আন্তর্জাতিক আইনি ব্যাখ্যা তুলে ধরে মন্ত্রী বলেন, "অন্য দেশের বাহিনী যদি আমাদের সীমানায় বা জিরো লাইনে এসে হত্যাকাণ্ড ঘটায়, তবেই তা সীমান্ত হত্যা। কিন্তু যদি উভয় দেশের সীমান্তের অভ্যন্তরে কোনো অবৈধ অনুপ্রবেশ বা চোরাচালানজনিত অপরাধের কারণে কোনো ঘটনা ঘটে, তবে তা সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরীণ আইনে নিয়ন্ত্রিত হয়।"
পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের পর পুশ-ইনের আশঙ্কার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার যেকোনো ধরণের অবৈধ 'পুশ-ইন' বা 'পুশ-ব্যাক'-এর নীতিগত বিরোধী। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। তিনি বলেন, ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যদি কোনো নাগরিকের ন্যাশনাল আইডি ভেরিফিকেশন সংক্রান্ত কোনো তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়, তবে তা প্রচলিত কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে। বর্তমানে এ জাতীয় কোনো বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পেন্ডিং নেই।
ব্রিফিংয়ে মন্ত্রিসভা পুনর্গঠন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর সাংবিধানিক এখতিয়ার, এ বিষয়ে অন্য কারো মন্তব্য করার সুযোগ নেই।
প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)