চকরিয়া টাইমস:
চকরিয়ার খুটাখালীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে বাস চালক ও শিশু যাত্রী। এতে অন্তত ২২জন যাত্রী কমবেশি আহত হয়েছে।
সোমবার (৮ জুন) বিকাল ৩টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী কচ্ছপিয়ার ঢালা এলাকায় নিয়ন্ত্রণহীন যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কের উভয় পাশ থেকে সজোরে চালিয়ে আসা এভারগ্রিন পরিবহন ও শরীফ এন্টারপ্রাইজ নামের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ইয়াহিয়া নামে ৮ মাস বয়সী শিশু যাত্রী ও মোহাম্মদ আলী (২৫) নামে বাসচালক প্রাণ হারায়। এসময় কমবেশি অন্তত ২২জন যাত্রী আহত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ চালায়। ঘটনায় আহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতাল, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছে। আহত হয়েছে ২২জনের মতো যাত্রী সাধারণ। তন্মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

0 comments: