শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস):
চকরিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) চকরিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চকরিয়া উপজেলা কমিটির আয়োজনে সকাল এগারোটায় এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার। এছাড়া বক্তব্য রাখেন চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না বড়ুয়া, চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশফিকা জান্নাত, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. নুরুল আখের, চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও শিক্ষক প্রতিনিধি জাফর আলম। পুরো আলোচনা সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন চকরিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন কুমার বিশ্বাস। এসময় বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চকরিয়া উপজেলা কমিটির অর্থ সম্পাদক মুহাম্মদ কুতুব উদ্দিন, চকরিয়া উপজেলা স্কাউটস সম্পাদক মাস্টার মোহাম্মদ আতিকুর রহমান, চকরিয়া মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নুরুল আবছার সিদ্দিকী, পালাকাটা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি মাওলানা মুহাম্মদ এহছানুল হক নাঈমী, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান মোহাম্মদ ছলিম উল্লাহ সেলিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন অতিথি ও শিক্ষক প্রতিনিধিরা। আলোচনা সভা থেকে আগামীতে এই দিবসটি আরো বর্ণাঢ্য পরিসরে আয়োজন এবং গুণী শিক্ষকদের বিশেষ সম্মাননায় সংবর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

0 comments: