চকরিয়া টাইমস:
কুমিল্লা হাইওয়ে রিজিয়নের শ্রেষ্ঠ ওসি মনোনীত হয়েছেন চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান| কুমিল্লা হাইওয়ে রিজিয়নের আয়োজনে সোমবার (১৫ জুন) মাসিক বিশেষ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা-২০২৬ কুমিল্লা ফান টাউন মিলনায়তনে অনুষ্ঠিত হয়| এ সভায় হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন|
সভায় অফিসার ও ফোর্সদের কল্যাণসংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়| উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত সদস্যদের বক্তব্য শোনেন এবং পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন| পাশাপাশি সকলকে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান|
অনুষ্ঠান শেষে মে-২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে কুমিল্লা হাইওয়ে রিজিয়নের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হন কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানা ওসি মো. মাহবুবুর রহমান (আইজি ব্যাজপ্রাপ্ত)|
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী বিপিএম (সেবা)| এতে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শাহিনুর আলম খান|
এসময় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন|
শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার লাভ করায় মালুমঘাট হাইওয়ে থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে| সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে বলেন, এ স্বীকৃতি ভবিষ্যতে আরও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা যোগাবে|

0 comments: